অনলাইন ভার্সন ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামলানোর জনসমর্থন নেই নেতানিয়াহুর: বিরোধী নেতা
অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে ইসরায়েলের নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছেন দেশটির বামপন্থী রাজনৈতিক দল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান।
একই সঙ্গে এমন পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সক্ষমতা ও জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
গোলানের মতে, ইসরায়েলকে নতুন কোনও সংঘাতের মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেতানিয়াহুর নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, “ইরানের সঙ্গে আরেকটি সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে।”
এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেতানিয়াহুর প্রয়োজনীয় জনআস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এ ধরনের অভিযান পরিচালনার নৈতিক বৈধতা তো নেতানিয়াহুর নেই-ই, এমনকি প্রয়োজনীয় মৌলিক সক্ষমতাও তার নেই।
গোলান আরও বলেন, নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের মতো ব্যক্তিরা এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। এটি ইসরায়েলের জন্য বিপজ্জনক এবং এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।
ইসরায়েলের নিরাপত্তাকে নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ের হাতিয়ার হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন গোলান।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিকল্প সরকার গঠন করা অত্যন্ত জরুরি। কারণ, ইসরায়েলের নিরাপত্তা ও দেশটির নাগরিকদের জীবন এখন ঝুঁকির মুখে।
গোলানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়ে দেশটির রাজনীতিতে উদ্বেগ বাড়ছে। তার মন্তব্যে নেতানিয়াহু সরকারের নেতৃত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিরোধীদের সমালোচনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা
