হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানাল আইআরজিসি

অনলাইন ডেস্ক

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার পাহারায় মার্কিন রণতরী মোতায়েনের যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান।

তেহরান সাফ জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত এবং তাদের জন্য ‘অপেক্ষা’ করছে।

শনিবার ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহম্মাদ নাইনি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। একইসঙ্গে তিনি ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটন’-এ অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে ওয়াশিংটনকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানান, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে পাহারা দেবে। ট্রাম্পের দাবি, আমেরিকার সামরিক ও অর্থনৈতিক শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ এবং যুদ্ধ শেষ হলেই জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে।

উদ্ভূত পরিস্থিতিতে তেলের ট্যাংকারগুলোর জন্য বিশেষ বিমা সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।

পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যেই শনিবার ‘প্রাইমা’ নামক একটি মাল্টা-পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, তাদের পক্ষ থেকে দেওয়া বারবার সতর্কবার্তা এবং যাতায়াত নিষেধাজ্ঞা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে অন্তত নয়টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights