হাসানের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখেন ফ্লেমিং
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ডারউইন টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের আলোচনায় বিশেষ প্রশংসা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান ও পেসার হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার ‘ফার্স্ট বোলিং কার্টেল’ অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশের নয় উইকেটের জয়। সেখানে হাসান মাহমুদের বোলিংকে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার সঙ্গে তুলনা করেন ফ্লেমিং।
ডারউইন টেস্টে ম্যাচসেরা হন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া এই পেসার প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধস নামান। তার ৬ উইকেটের সুবাদে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
হাসানের বোলিংয়ে মুগ্ধ ফ্লেমিং বলেন, তিনি নিখুঁত লেংথে ধারাবাহিকভাবে বল করেছেন এবং ব্যাটসম্যানদের সামনে এসে খেলতে বাধ্য করেছেন।
ম্যাকগ্রাকে সামনে রেখে ফ্লেমিং বলেন, ‘আমি জানি না তুমি (ম্যাকগ্রা) কোনো হাইলাইট দেখেছ কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে।’
তার মতে, হাসান একটানা দারুণ বোলিং করেছেন এবং সঠিক জায়গায় বল ফেলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন।
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা তানজিদ হাসানের প্রশংসাও করেছেন জেসন গিলেস্পি। বাংলাদেশের ওপেনারের টেকনিক, শট নির্বাচন ও স্ট্রাইক রোটেশনে মুগ্ধ সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।
বাংলাদেশের এই সাফল্যকে শুধু একটি টেস্ট জয় হিসেবে দেখছেন না গ্লেন ম্যাকগ্রা। তার মতে, বিশ্ব ক্রিকেটের জন্যও এটি ইতিবাচক ঘটনা।
২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশ। এত দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ায় ফিরে এসে স্বাগতিকদের বিপক্ষে এমন জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন ম্যাকগ্রা।
তিনি বলেন, অস্ট্রেলিয়া হয়তো ধরে নিয়েছিল বাংলাদেশ তাদের মাটিতে ভালো করতে পারবে না। কিন্তু ডারউইনে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে, তা বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক।
আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
