বিজিবি দেখে ভারতীয় সিরাপ ফেলে পালাল চোরাকারবারিরা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুই চোরাকারবারি।
মঙ্গলবার বিকেলে সোনামসজিদ বিওপির আওতাধীন ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকাফ সিরাপ ও একটি ১৬০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করেন।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানায় বিজিবি।মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
