হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার

অনলাইন ডেস্ক
দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত (২১)। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একটি প্লাটুনের কমান্ডার ছিলেন। তার বাড়ি ইসরায়েলের আশকেলন এলাকায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্তে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে গোলানি ব্রিগেডের সদস্যরা দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামের একটি ভবনে প্রবেশের সময় হিজবুল্লাহর এক যোদ্ধার মুখোমুখি হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ক্যাপ্টেন হাজুত নিহত হন। এ ঘটনায় আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন।

আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ঘটনার পর ওই এলাকায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights