হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে ৭১-এ বিজয়ী হয়েছি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি মানুষকে ধর্মের দিক দিয়ে বিচার করতে চাই না। আমি মানুষকে কর্মের দৃষ্টিতে বিচার করতে চাই। এই যে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ মুসলমান করেছিল না হিন্দুরা করেছিল। আমরা কি তখন দেখেছিলাম কে হিন্দু, কে মুসলমান। দেশকে রক্ষা করতে হবে, মানচিত্রকে রক্ষা করতে হবে। হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে আমরা ৭১-এ বিজয়ী হয়েছি। রাজাকার আল বদররা পরাজিত হয়েছে। সেই রাজাকার আলবদররা মব সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। কিন্তু আপনারা সনাতন ধর্মের মানুষরা ১২ ফেব্রুয়ারি প্রমাণ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের দেশ, বাংলাদেশ স্বাধীনতার দেশ। এই বাংলাদেশে স্বাধীনতাবিরোধীদের কোনো স্থান হবে না। সনাতন ধর্মের মানুষ কারও পকেটের ভোটার নয়।
সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
পরে নিজের সংসদীয় আসন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)-এর বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
