হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইবি অধ্যাপক মুঈদ রহমানের মৃত্যু

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মুঈদ রহমান মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, অধ্যাপক মুঈদ রাত ৮টার দিকে হার্ট এ্যাটাক করেন। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এতে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজার নামাজ আজ বাদ জোহর কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।’

অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বলেন, মুঈদ স্যার বাড়িতেই মারা গেছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights