১১ মে সমাবেশের ডাক দিল চাকরি বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার আন্দোলন জোরদারে আগামী ১১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে চাকরিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের মুখপাত্র শরিফুল হাসান শুভ।

শরিফুল হাসান বলেন, ২৯ এপ্রিল শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছেন। ৩০ এপ্রিল দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি প্রাথমিক আলোচনাও করেছে। প্রশাসনিকভাবে আমাদের দাবি এখন প্রতিষ্ঠিত। আমরা এখন মাঠ পর্যায়ে চাকরি প্রার্থীদের সক্রিয় রাখতে চাচ্ছি। আগামী ১১ এপ্রিল বৃহৎ কর্মসূচি থেকে সেই বার্তা সারা দেশের চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়াতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা নির্ধারণ করতে হবে। এ দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে লাগাতার কর্মসূচি করে আসছি। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।

এর আগে গত ২৯ এপ্রিল চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাবর সুপারিশ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে। কিন্তু চাকরি আবেদনের বয়সসীমা বাড়ানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights