১৭ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: এসএম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে।

রবিবার কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটারদের আঙুল থেকে কালি মোছার আগেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ১০ হাজার টাকা করে কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দেবেন। নির্বাচিত হয়ে তিনি তা বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষক কার্ডের কথা বলেছিলেন। ইতোমধ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights