২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?

স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা অনেকটাই এগিয়েছে। নতুন চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর হতে পারে। পাশাপাশি চুক্তি আরও দুই বছর বাড়ানোর সুযোগও রাখার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে।

আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। আগামী নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

ওই আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে এবং কোর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টিনার।

প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তিতে প্রাথমিকভাবে দুই বছরের মেয়াদ রাখা হতে পারে। এরপর ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তি আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে। এই শর্ত কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারবেন স্কালোনি।

তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলির বিদায়ের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। এরপর তাঁর অধীনেই আন্তর্জাতিক ফুটবলে নতুন উচ্চতায় পৌঁছায় আলবিসেলেস্তেরা।

২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ সালে কাতার বিশ্বকাপও জেতে আর্জেন্টিনা। তাঁর কোচিংয়ে দলটির ধারাবাহিক সাফল্যই চুক্তি নবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা এগোলেও তাঁর কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁকে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

স্যামুয়েলকে নিজের বন্ধু ও গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করেছেন স্কালোনি। তিনি জানান, স্যামুয়েলের সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। তবে তিনি দায়িত্ব ছেড়ে দিলে সেটি দলের জন্য বড় ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights