২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে তিনি ঠাকুরগাঁওয়ে আসবেন।
আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তার ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
নেতার আগমন উপলক্ষে জেলা স্কুলের বড় মাঠে সাজসজ্জা ও মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। কর্মসূচি সফল করতে জোরদার করা হয়েছে সাংগঠনিক তৎপরতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি চলছে।
ৃজুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দলের সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতেই ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান।
সফরের প্রথম দিন সোমবার রাতে তিনি শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে রাত্রিযাপন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০৩ সালের ডিসেম্বর মাসে একটি অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন তারেক রহমান।
