২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টি
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) রেকর্ড হয়েছে ৯৭ মিলিমিটার।
আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এই অবস্থায় কখনো ঝিরিঝিরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে। আবার মাঝে মাঝে স্বল্প বিরতি দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত ৫ জুলাই থেকে এই বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে।
তিনি আরও জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্তমানে এই বৃষ্টিপাতের পরিমাণ কমে অর্ধেকে নেমে এসেছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের বলয় লক্ষ্মীপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী বরাবর তরান্বিত হয়েছে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী ও একই সময়ে ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বর্ষণ বিবেচনা করা হয়।
