২৭ বছর পর ছেলেকে স্বীকৃতি দিলেন বাবা
অনলাইন ডেস্ক
জন্মের ২৭ বছর পর অবশেষে বাবার স্বীকৃতি পেয়েছেন এক যুবক। ডিএনএ পরীক্ষায় সত্যতা প্রমাণিত হওয়ার পর মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রামে লিগ্যাল এইড কার্যালয়ে তিনি প্রথমবারের মতো বাবার স্বীকৃতি পান। এ সময় বাবা-ছেলের আবেগঘন পুনর্মিলন ঘটে।
জানা যায়, ছেলেটির জন্মের আগেই তার মা-বাবার বিচ্ছেদ হয় এবং তার বাবা বিদেশে চলে যান। এরপর মা-সন্তান মামার বাড়িতে বসবাস করতে থাকেন। বড় হওয়ার পর তিনি জানতে পারেন, তার বাবা দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেছেন।
নিজের পরিচয় জানার জন্য এবং বাবার স্বীকৃতি পাওয়ার আশায় তিনি বাবার মুখোমুখি হন। তবে বাবা শুরুতে তাকে সন্তান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। পরে ২০২৪ সালের জুন মাসে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) চট্টগ্রাম কার্যালয়ে আবেদন করেন।
আদালতের নির্দেশে মা, বাবা ও ছেলের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, তরুণের দাবিই সঠিক। এরপর সংশ্লিষ্ট হাসপাতাল ডিএনএ প্রতিবেদন লিগ্যাল এইড কার্যালয়ে পাঠায়।
প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার বাবা আনুষ্ঠানিকভাবে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়ার প্রতিশ্রুতি, বসবাসের জন্য দুই লাখ টাকা এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।
লিগ্যাল এইড চট্টগ্রামের কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) সুব্রত দাশ জানান, দীর্ঘদিনের বিরোধ শেষে বাবা-ছেলেকে একসঙ্গে দেখে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লিগ্যাল এইডের পক্ষ থেকে তাদের টি-শার্ট উপহার দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কর্মকর্তা এরশাদুল ইসলাম জানান, এই পুনর্মিলনটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ।
স্বীকৃতি পাওয়ার পর আনন্দ প্রকাশ করে ছেলে বলেন, এতদিন তিনি বাবার পরিচয় দিতে পারতেন না এবং নানা কথা শুনতে হতো। এখন বাবা তাকে সন্তান হিসেবে মেনে নেওয়ায় সেই কষ্টের অবসান হয়েছে।
