৩০ দিনেই রায়, নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার মাত্র ৩০ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হলো।

বুধবার দুপুরে শিশুধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল শিকদার ওরফে রবি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবি নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন ২১ জুলাই রাতে নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল শিকদারকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি রবিউল শিকদার শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু। গত ৪ আগস্ট তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি রবিউল শিকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৬ আগস্ট আদালত অভিযোগপত্রটি আমলে নেন। এরপর ৯ আগস্ট মামলার অভিযোগ গঠন করা হয়।

সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।

ধর্ষণের পর হত্যার শিকার শিশু জান্নাতির মা ও অন্যান্য স্বজনরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights