৩০০ ফিটে পুলিশের চেকপোস্ট, আটক ৬
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে জেলা পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাই করে ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়েছে। একই অভিযানে তিন বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে তিন বোতল হুইস্কি ও একটি সামুরাই উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
