৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
আট বছরের শিশু। শিশুটির মা নেই। বাবা ভবঘুরে। শিশুটি এলাকার বিভিন্ন বাসায় কাজ করে পেট চালায়। গত ২০ জুলাই মঙ্গলবার বাছিদ মিয়ার ছেলে আবুল হোসেন নাস্তা খাওয়ানোর কথা বলে শিশুটিকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল হোসেন দ্রুত পালিয়ে যান। পরে এলাকাবাসী অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে। রবিবার মেয়েটির জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ও তার লোকজনের প্রাণনাশের হুমকির কারণে থানায় মামলা করতে পারেননি বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাঁচ দিন পর শনিবার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে খানায় নিয়ে আসে। পরে আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, আবুল হোসেন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করলে পরিবার ও এলাকাবাসীকে হত্যার হুমকি দেয়া হয়। একই সঙ্গে তাদের ওপর নজরদারি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখা হয়। এ কারণে পাঁচ দিন পার হলেও কেউ থানায় গিয়ে মামলা করার সাহস পাননি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের টনক নড়ে।
মিঠাপুকুর থানার ওসি মো. এরশাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ভুক্তভোগী শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করেছে। শনিবার রাতে এ ঘটনায় শিশুর বাবা থানায় মামলা করেছে। রবিবার শিশুটির জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। শিশুটির জবানবন্দির ওপর নির্ভর করছে এটি ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টা। অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতারে চেষ্টা চলছে।
