৮০তম জন্মদিনে ভেসপার নস্টালজিক উৎসবে রঙিন রোম

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে নস্টালজিয়া, স্টাইল এবং স্বাধীনতার প্রতীক হয়ে ওঠা ইতালিয়ান স্কুটার ভেসপা এবার উদযাপন করল তার ৮০তম জন্মদিন। এ উপলক্ষে চার দিনের বর্ণাঢ্য আয়োজনে রোম শহর পরিণত হয় ভেসপা-উৎসবের প্রাণকেন্দ্রে।

১৯৪৬ সালে প্রথম রাস্তায় নামা ভেসপা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় ১৯৫৩ সালের ক্লাসিক চলচ্চিত্র ‘রোমান হলিডে’-র মাধ্যমে। অড্রে হেপবার্ন ও গ্রেগরি পেকের আইকনিক দৃশ্যে ভেসপা হয়ে ওঠে রোমান্টিকতার বিশ্ব প্রতীক। সেই ঐতিহ্যকে ঘিরেই এবার রোমে আয়োজিত হয় বিশেষ এই উৎসব।

ভেসপা নির্মাতা প্রতিষ্ঠান পিয়াজিও এবং ভেসপা ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত অংশ নেন। শনিবার অনুষ্ঠিত হয় গ্র্যান্ড র‌্যালি, যেখানে কলোসিয়াম ও রোমান ফোরামের আশপাশের সড়ক ভরে ওঠে ১০ হাজারেরও বেশি ভেসপা ও ভক্তদের উপস্থিতিতে। আধুনিক বিলাসবহুল গাড়ির ভিড় ছাপিয়ে সেদিন পুরো শহরে প্রাধান্য পায় ভেসপার চেনা খটখট শব্দ।

উৎসবের উদ্বোধন করেন রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি। এরপর স্টেডিয়াম অফ দ্য মার্বেলসে শুরু হয় চার দিনের এই আয়োজন, যেখানে নাচ, গান, পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

উৎসবে বিশেষ আকর্ষণ ছিল সীমিত সংস্করণের “৮০ ইয়ার্স অফ অ্যান আইকন” হেলমেটসহ ভেসপা-থিমযুক্ত বিভিন্ন পণ্য। পাশাপাশি প্রদর্শনীতে স্থান পায় ভেসপার ইতিহাসের নানা স্মরণীয় মুহূর্ত—ফুলের মাঠে ভ্রমণ, সৈকতে ছুটি কাটানো, এমনকি অভিযাত্রীদের সুমেরু বৃত্ত পর্যন্ত ভেসপা চালানোর বিরল ঘটনাও।

ইউরোপ, আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আগত ভক্তরা নিজেদের ভেসপা ভালোবাসার গল্প শেয়ার করেন। কেউ কুকুর নিয়ে ভ্রমণে এসেছেন, কেউ আবার পরিবার নিয়ে দূর দেশ থেকে ছুটে এসেছেন এই উৎসবে অংশ নিতে।

ভেসপার জনপ্রিয়তা কেবল নস্টালজিয়ায় সীমাবদ্ধ নয়। অনেকেই বড় মোটরসাইকেল ছেড়ে সহজ ও হালকা যান হিসেবে ভেসপাকে বেছে নিচ্ছেন। যুক্তরাজ্যের ট্রাক চালক অ্যান্ড্রু ওয়ালটন বলেন, ‘শুধু উঠুন, চালান—এটাই ভেসপার সৌন্দর্য।’

ভেসপার ইতিহাসও সমান আকর্ষণীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিমান নির্মাণে ক্ষতিগ্রস্ত পিয়াজিও নিজেদের টিকিয়ে রাখতে দুই চাকার এই যান তৈরি করে। পরে সেটিই বিশ্বব্যাপী তাদের নতুন পরিচিতি ও সাফল্যের প্রতীক হয়ে ওঠে।

বর্তমানে ভেসপা বিশ্বের ১১০টিরও বেশি দেশে বিক্রি হয়। গত আট দশকে প্রতিষ্ঠানটি ২ কোটির বেশি স্কুটার বিক্রি করেছে বলে জানিয়েছে পিয়াজিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights