৯২ বছরের অপেক্ষার অবসান, আইস হকি বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আইস হকি ইতিহাসে রচিত হলো নতুন অধ্যায়। ৯২ বছর পর প্রথমবার আইআইএইচএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নিল যুক্তরাষ্ট্র। রুদ্ধশ্বাস এক ফাইনালে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এই ঐতিহাসিক কীর্তি গড়েছে টিম ইউএসএ।

রবিবার স্টোকহোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচ গড়ায় সাডেন-ডেথ ওভারটাইমে। আর সেখানেই নায়ক হয়ে ওঠেন বাফেলো স্যাবার্সের তারকা টেজ থম্পসন। অতিরিক্ত সময়ের মাত্র ২ মিনিট ২ সেকেন্ডে গোল করে যুক্তরাষ্ট্রকে এনে দেন বহু প্রতীক্ষিত জয়। এর মাধ্যমে ১৯৩৩ সালের পর প্রথমবার আইস হকি বিশ্বচ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলল যুক্তরাষ্ট্র।

ম্যাচে সুইস গোলরক্ষক লিওনার্দো জেনোনি ছিলেন অনবদ্য। পুরো টুর্নামেন্টজুড়ে মাত্র ০.৯৯ গোল গড় নিয়ে প্রতিপক্ষদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের হয়ে বোস্টন ব্রুইন্সের জেরেমি সোয়েম্যানও কম যাননি। ফাইনালেও দুই গোলরক্ষকের লড়াই জমিয়ে তোলে ম্যাচটি।

এনএইচএল-এর চলতি মৌসুমে ৪৪ গোল করা থম্পসনের জন্য এ জয় ছিল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তাঁর সেই মুহূর্তের গোলেই সুইসদের স্বপ্নভঙ্গ হয় এবং আমেরিকান বেঞ্চে ছড়িয়ে পড়ে উন্মাদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights