অঙ্কও কষতে হবে টাইগারদের
রাশেদুর রহমান
ত্রিদেশীয় সিরিজে জটিল সমীকরণের সামনে বাংলাদেশ। আরব আমিরাতের আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হওয়ায় কঠিন বিপদে পড়েছে টাইগাররা। সেই বিপদ থেকে উদ্ধার পেতে হলে অঙ্ক মেলাতে হবে। আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে কেবল জয় নয়, রানরেটও বাড়িয়ে নিতে হবে। অন্তত জিম্বাবুয়ের ওপরে উঠতে হবে।
তিন দলের ওয়ানডে সিরিজে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে জিম্বাবুয়ে হেরেছে ১৫৮ রানের বড় ব্যবধানে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের সংগ্রহ ২ পয়েন্ট করে। বাংলাদেশ এখনো কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। আজ জিতলে বাংলাদেশের সংগ্রহও হবে ২ পয়েন্ট। তখন রানরেটের হিসাবে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল। আফগানিস্তানের নেট রানরেট ৩.১৬০। অন্যদিকে জিম্বাবুয়ের রানরেট -০.৫৯০ এবং বাংলাদেশের রানরেট -১.৯৮০। সমীকরণ বলছে, আগে ব্যাটিং করলে বাংলাদেশকে আজ অন্তত ৪১ রানে জিততে হবে। আর পরে ব্যাটিং করলে হিসাব আরও জটিল। আফগানরা যদি ৩০১ রানের লক্ষ্য দেয়, তবে বাংলাদেশকে সেই লক্ষ্য পাড়ি দিতে হবে ৪২.২ ওভারে। আফগানিস্তান ২৫১ রানের লক্ষ্য দিলে বাংলাদেশকে জিততে হবে ৪১.৩ ওভারে। এই জটিল সমীকরণ মিলিয়ে কী আজ জিততে পারবে বাংলাদেশ?
অধিনায়ক লিটন দাস গত ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারণে। তিনি সিরিজ থেকেই ছিটকে গেছেন। আজও অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। গত ম্যাচে ব্যাটিংয়ে পুরোপুরিই ব্যর্থ ছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন তানজিদ হাসান। অধিনায়ক তাওহিদ হৃদয় করেছিলেন ১৩ রান। ব্যাট হাতে ব্যর্থ সেই দল আজ আফগান বোলারদের সামনে কতটুকু সফল হতে পারবেন? রশিদ খান, ফজল হক ফারুকিরা গত ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছেন। বাংলাদেশের জন্য কাজ বেশ কঠিন করে তুলতে পারেন আফগান বোলাররা। তার ওপর বেশ সতর্ক এক দল আফগানিস্তান। দলটির কোচ রিচার্ড পাইবাস বলছেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ংকর হয়ে উঠতে পারে। এটা আমাদের জানা আছে। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’ এমন সতর্ক এক দলের বিপক্ষে টাইগারররা কি জটিল সমীকরণ মিলিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারবেন?
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। দুই দল এরই মধ্যে ২২ বার মুখোমুখি হয়েছে। জয়-পরাজয়ের সংখ্যা একেবারেই সমান। ১১ বার করে জয় পেয়েছে দুই দলই। তবে একটা স্থানে আফগানরা অনেকটাই এগিয়ে আছে। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে গত চার ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান। এক দিনের ক্রিকেটে বাংলাদেশ সর্বশেষ আফগানদের হারিয়েছে ২০২৪ সালের নভেম্বরে, শারজায়। সেবার তিন ম্যাচের সিরিজে জয় পেয়েছিল আফগানরাই। ২-১ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
বাংলাদেশের সামনে কেবল জয়ের চ্যালেঞ্জই নয়, আছে জটিল হিসাব মেলানোর অঙ্কও। আফগানিস্তানের বিপক্ষে টানা হারতে থাকা দলটা কী ঘুরে দাঁড়াতে পারবে? সামনের বছর আছে এশিয়া কাপ। আছে বিশ্বকাপও। দুটি বড় আসর সামনে রেখেই লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে আর আফগানিস্তানের মতো দলের বিপক্ষে খেলেও নিজেদের গুছিয়ে নিতে পারছে না টাইগাররা। অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে পারেনি। আজ আফগানদের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এই ম্যাচে লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হলে সামনের দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে টাইগারদের।
