অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিএনপির পুরনো সংস্কৃতি : আলাল

নিজস্ব প্রতিবেদক

দলের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি নতুন নয়, এটি অনেক পুরনো বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, অতীতেও দলের নেতাকর্মী ও মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বিএনপি দেশ পরিচালনার নতুন করে দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বারবার সতর্ক করে দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠক, জাতীয় সংসদে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক এবং বিভাগীয় পর্যায়ে নেতাদের সঙ্গে আলোচনায় বলা হয়েছে, গণমাধ্যম এখন স্বাধীন। সংবাদমাধ্যম যা খুশি লিখতে পারে এবং সমালোচকেরা যা খুশি বলতে পারেন। তাই নেতাকর্মীদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, এই সতর্কতা অবলম্বন করতে না পারলে বিএনপিতে থাকা যাবে না এ কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপরও কেউ উদ্ধত আচরণ করে মানুষের মনে কষ্ট দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ন্যাপ চেয়ারম্যান শাওন সাদিকের ওপর হামলার প্রসঙ্গে আলাল বলেন, ঘটনাটি সংবাদমাধ্যমের কাছে ছোট ঘটনা হতে পারে। কিন্তু এটি বড় ঘটনা। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে তৎপরতা আরও বাড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত,
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারিক, এনডিপি মহাসচিব জামিল আহম্মেদ, গণদলের মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল আলম, এনপিপি মহাসচিব জহির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights