অবসরের পর কোথায় থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো?

স্পোর্টস ডেস্ক

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ভবিষ্যৎ জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার, এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড আগেই জানিয়েছেন, শরীর সায় দিলেই কেবল তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন। ততদিন পর্যন্ত মাঠে লড়াই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

তবে মাঠের বাইরে অবসর-পরবর্তী জীবনের প্রস্তুতিও চলছে পুরোদমে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অবসর নেওয়ার পর রোনালদো স্থায়ীভাবে পর্তুগালে বসবাসের পরিকল্পনা করছেন। দেশটির রাজধানী লিসবন থেকে প্রায় ৩০ মাইল দূরে একটি অভিজাত উপকূলীয় রিসোর্ট এলাকায় প্রায় ৩ কোটি পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করছেন তিনি। আট শয়নকক্ষের এই বাড়িটির নির্মাণকাজ শুরু হয়েছিল তিন বছরেরও বেশি আগে, যা এখন শেষের পথে।

অত্যাধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এই প্রাসাদে রয়েছে সমুদ্রের দিকে মুখ করা বিশাল ইনফিনিটি সুইমিং পুল, প্রায় ১ কোটি ২০ লাখ পাউন্ড মূল্যের গাড়ির সংগ্রহ রাখার জন্য বিশেষভাবে নকশা করা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, আধুনিক জিম, স্মার্ট হিটিং সিস্টেম, ইনডোর ও আউটডোর সুইমিং পুল, ম্যাসাজ রুম এবং ব্যক্তিগত সিনেমা হল।

বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক থেকে
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১৪০ কোটি পাউন্ড। অবসরের পর তিনি তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে এই প্রাসাদেই বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের স্বাচ্ছন্দ্য ও গোপনীয়তার কথা মাথায় রেখে বাড়িটিতে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা এবং ব্যক্তিগত সৈকতে সরাসরি প্রবেশের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রাসাদের বিলাসিতাকে আরও এক ধাপ বাড়িয়েছে সলিড গোল্ডের তৈরি ট্যাপ, ইতালিয়ান মার্বেলের কাজ এবং বিশেষভাবে রোনালদো-জর্জিনার জন্য তৈরি লুই ভুইতোঁর একটি কাস্টম ম্যুরাল।

এই প্রাসাদ রোনালদোর বিশাল সম্পত্তির তালিকার সর্বশেষ সংযোজন মাত্র। এর আগে লিসবনে তার ৬০ লাখ পাউন্ডের একটি পেন্টহাউস, জন্মস্থান মাদেইরায় বাড়ি, মাদ্রিদের অভিজাত লা ফিনকা এলাকায় সম্পত্তি, জুভেন্টাসে খেলার সময় ইতালির তুরিনে একটি বিলাসবহুল ভিলা এবং দুবাইয়ে একটি বাসভবন রয়েছে। সৌদি আরবে খেলার সময় তিনি বর্তমানে একটি ব্যক্তিগত দ্বীপে বসবাস করছেন, যা ‘বিলিয়নিয়ার্স আইল্যান্ড’ নামেই বেশি পরিচিত।ৃ

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights