অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ

অনলাইন ডেস্ক
বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে অভিনয় ছাড়া অন্য কোনো পেশায় কল্পনা করা কঠিন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী চরিত্রে অভিনয় করে তিনি ভারতীয় সিনেমার অন্যতম আইকন হয়ে উঠেছেন। তবে অভিনয়ে না এলে তাঁর পেশা কী হতে পারত? সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অমিতাভ।

অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে ছাত্রজীবন ও ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি ভাগ করে নেন বিগ বি। সেখানেই তিনি জানান, একটা সময় তাঁর ইচ্ছে ছিল ভারতীয় বিদেশ পরিষেবা বা আইএফএসে (IFS) যোগ দেওয়ার।

প্রতিযোগী প্রগতি দিনেশ কালপেকরের সঙ্গে কথোপকথনের সময় প্রসঙ্গটি উঠে আসে। প্রগতি জানান, তাঁর স্বপ্ন আইএফএস কর্মকর্তা হওয়া। তাঁর কথা শুনেই নিজের পুরনো দিনের কথা মনে পড়ে অমিতাভের।

অমিতাভ বলেন, ছাত্রজীবনে তিনিও একসময় আইএফএস অফিসার হওয়ার কথা ভেবেছিলেন। তবে তখন সিভিল সার্ভিস সম্পর্কে তাঁর খুব বেশি ধারণা ছিল না। ফলে সেই স্বপ্ন পূরণের জন্য নির্দিষ্ট কোনো প্রস্তুতিও নেওয়া হয়নি।

ভারতের গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিসগুলোর একটি হলো ইন্ডিয়ান ফরেন সার্ভিস। এই পরিষেবার কর্মকর্তারা বিদেশে ভারতের কূটনৈতিক প্রতিনিধিত্ব করেন, বিভিন্ন দেশে দেশের স্বার্থ তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তবে অমিতাভের ক্ষেত্রে শেষ পর্যন্ত পথ বদলে যায়। আইএফএস কর্মকর্তা হওয়ার সেই পুরনো স্বপ্ন বাস্তবে রূপ না পেলেও অভিনয়ের জগতে এসে তিনি অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। কয়েক দশকের ক্যারিয়ারে তাঁর অভিনয় তাঁকে পরিণত করেছে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights