আইসিসিবিতে গাড়িপ্রেমীদের জন্য তিন দিনের বিশেষ আয়োজন
স্টাফ রিপোর্টার: জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়ির সমাহার নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ প্রদর্শনীতে একই ছাদের নিচে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি দাম ও সুযোগ-সুবিধা তুলনা করে পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অটোমোবাইল খাতকে আরও গতিশীল করা এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজার সম্পর্কে ক্রেতাদের ধারণা বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে জাপান থেকে আমদানি করা জনপ্রিয় গাড়িগুলো এক জায়গায় প্রদর্শনের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের জন্য গাড়ি নির্বাচন ও কেনার প্রক্রিয়া সহজ করাই এ এক্সপোর লক্ষ্য।
এক্সপোতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হবে।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা সরাসরি গাড়ি দেখার পাশাপাশি মডেল অনুযায়ী এর প্রযুক্তি, বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা ও দাম সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি একই স্থানে থাকায় ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ বিবেচনায় নিয়ে তুলনামূলক যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন।
গাড়ি কেনাবেচায় স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বারভিডা কার এক্সপো ২০২৬-এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে একটি বিশেষ প্রদর্শনী।
এতে দেশের সড়কে জাপানি গাড়ির যাত্রা শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত অটোমোবাইল প্রযুক্তির পরিবর্তন ও বিকাশের চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন সময়ের জনপ্রিয় জাপানি গাড়ির ছবি, ঐতিহাসিক মডেল এবং প্রযুক্তিগত বিবর্তনের নানা দিক দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে।
প্রদর্শনীতে বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির দীর্ঘদিনের অবদানও তুলে ধরা হবে। নির্ভরযোগ্যতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত পুরোনো দিনের গাড়ি থেকে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তিনির্ভর মডেলে পৌঁছানোর ধারাবাহিকতা বিশেষভাবে স্থান পাবে।
আয়োজকদের মতে, জাপানি গাড়ি দেশের পরিবহন খাতের পাশাপাশি কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বারভিডার মতে, অটোমোবাইল খাত কেবল গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ, প্রযুক্তির প্রসার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের বিষয়গুলোও সরাসরি যুক্ত।
এ প্রেক্ষাপটে এক্সপোর মাধ্যমে দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করা, ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন মডেলের গাড়ি সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি করতে চায় সংগঠনটি।
এ ছাড়া জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বাংলাদেশে জাপানি গাড়ির পাঁচ দশকের অবদান তুলে ধরা এবং দেশের অর্থনীতি ও রাজস্ব আয়ে এ খাতের ভূমিকা তুলে ধরাও আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বারভিডা কার এক্সপো ২০২৬ পরিদর্শনে গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, পরিবার, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি।
যারা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য ও দাম যাচাই করতে চান কিংবা আধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং বাংলাদেশে জাপানি গাড়ির ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য এ প্রদর্শনী বিশেষ সুযোগ তৈরি করবে বলে আশা করছে বারভিডা।
৫ থেকে ৭ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি ঘুরে দেখার এবং নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী গাড়ি নির্বাচনের সুযোগ পাবেন।
