আক্কেলপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

জয়পুরহাট প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দলীয় কর্মসূচি যথাযথ মর্যাদায় পালিত হলেও সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো কর্মসূচি পালন করেননি।

এতে আরও উল্লেখ করা হয়, দলীয় কর্মসূচি পালন না করে তারা জেলা বিএনপির নেতা ও স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে অংশ নেন। তাদের এ কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তা চরম অসাংগঠনিক ও দলবিরোধী আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights