আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা

অনলাইন ডেস্ক

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলন করতে পাবেন। প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ উত্তোলন করা যাবে দুই লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমা থাকলে পরে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা উত্তোলনের সুযোগ পাওয়া যাবে। তবে এ শর্ত কিডনি ডায়ালিসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যক্তি-আমানতকারীরা অগ্রাধিকার পাবেন।

আর প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি অংশ পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হবে। এ ক্ষেত্রে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম হারে— অর্থাৎ ৩ শতাংশ মুনাফা দেওয়া হবে।

এতে আরো বলা হয়, দুই বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ আমানত উত্তোলন করতে পারবেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার ও বহুজাতিক কম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে।

এছাড়া, চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরো তিনবার নবায়নের পর উত্তোলন করা যাবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি আমানত দুবার নবায়নের পর উত্তোলনের সুযোগ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights