আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের মহারণে টসে জিতে বোলিংয়ে সোনারগাঁও
অনলাইন ডেস্ক
আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ইউনিভার্সিটি কাপের শিরোপার লড়াইয়ের ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এর বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
শুক্রবার বিকেল ৪টায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টসটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ইউটিউব চ্যানেল।
গত ৩ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে ফুটবল ইভেন্টের। এবার পর্দা নামতে যাচ্ছে ক্রিকেটে ইভেন্টের। এই টুর্নামেন্টে সোনারগাঁও-ইউল্যাব এখন পর্যন্ত অপরাজিত দল। তবে আজ একটি দল হাসবে শিরোপার হাসি, অন্য দলকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে।
পাঁচ ম্যাচে ইনিংসে ২৬৪ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকিরুল আহমেদ। দ্বিতীয় স্থানে থাকা একই দলের শাবাব জামিল ফেরদাউসের সংগ্রহ ২৫২ রান। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির আলাউদ্দিন মোনা। পাঁচ ম্যাচে ১৯৯ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে থাকা ইউল্যাবের ফারহান জানির সংগ্রহ ১৬৩ রান। শীর্ষ পাঁচের শেষ জন সোনারগাঁওয়ের তানভীর হোসেন। চার ম্যাচে ১৬০ রান করেছেন তিনি।
বোলিংয়েও শীর্ষে ইউল্যাবের ক্রিকেটার। পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে ১৩ উইকেট নিয়ে তালিকার প্রথম স্থানে আছেন মাহমুদুল হাসান। দ্বিতীয় স্থানে সোনারগাঁও ইউনিভার্সিটির এবি জীবন। পাঁচ ম্যাচে ২০ ওভার বোলিং করে তার শিকার ১০ উইকেট।
তৃতীয় স্থানে ইউল্যাবের আরিফুর রহমান। ১৭.১ ওভারে ৯ উইকেট নিয়েছেন তিনি। সমান উইকেট নিয়ে চতুর্থ স্থানে সোনারগাঁওয়ের আসিফ হাসান। আর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাদমান ইসলাম ৭ উইকেট নিয়ে আছেন পাঁচ নম্বরে।
অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখে ট্রফি উঁচিয়ে ধরতে চায় দুই দলই। ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকা ইউল্যাব কি পারবে মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রাখতে, নাকি সোনারগাঁও ইউনিভার্সিটি শেষ ম্যাচে বাজিমাত করবে?
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের শ্রেষ্ঠত্বের মঞ্চে আজই মিলবে সেই উত্তর।
কোনো ক্লাব বা জাতীয় দলের লড়াই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও যে খেলাধুলার আসর কতটা জমজমাট, আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যায় তা প্রমাণ দিল আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। ২৫ অক্টোবর দেশের প্রতিষ্ঠিত ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে পর্দা উঠেছিল এবিজি ইউনিভার্সিটি কাপের।
ফাইনাল শেষে ট্রফি তো থাকছেই। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে নগদ ১০ ও রানার্সআপ পাবে ৫ লাখ টাকা। এ ছাড়া ব্যক্তিড়ত পুরস্কার ও সবার জন্য পদক তো থাকছেই। আগেই ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। অপরাজিত চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি। ১০ বিশ্ববিদ্যালয়ই এবিজি ইউনিভার্সিটি কাপের ফুটবল ও ক্রিকেট আসরে অংশ নেয়।
ইউনিভার্সিটি ঘিরে টুর্নামেন্ট নতুন নয়। কিন্তু আনভীর বসুন্ধরা গ্রুপের এই টুর্নামেন্ট এত আলোড়ন তুলল কেন? ফুটবল ও ক্রিকেট দুই খেলাতেই ছিল নতুনত্বের ছড়াছড়ি। এই প্রথম ফ্লাড লাইটে ইউনিভার্সিটির খেলা অনুষ্ঠিত হলো। এবিজিই প্রথম দেখাল একসঙ্গে দুই জনপ্রিয় খেলার আয়োজন করা যায় এবং নিজেদের ভেন্যুতে।
ভেন্যু তো আবার সব খেলার মাঠকেই বোঝায়। এবিজির নতুনত্বও চমক হচ্ছে তারা তরুণদের আন্তর্জাতিক স্বীকৃত মাঠে খেলার সুযোগ করে দিয়েছে। আনভীর ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির স্বীকৃত ভেন্যু। এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট খেলা গড়ানোর আগে ওয়ানডে ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্টইন্ডিজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ছিল। ফুটবল ভেন্যু কিংস অ্যারিনাতেও ছিল আন্তর্জাতিক ম্যাচের ছড়াছড়ি। ২০২৬ সালের বিশ্বকাপের অংশীদার হয়ে আছে ফিফা স্বীকৃত এই অ্যারিনা। চূড়ন্ত পর্বে খেলা অস্ট্রেলিয়া এখানে বাছাই পর্বে খেলে আসল লড়াইয়ে টিকিট পেয়েছিল।
তরুণরা যা স্বপ্নেও ভাবেনি। সেখানে তাদের ক্রিকেট ও ফুটবল খেলার সুযোগ করে দিয়েছে এবিজি স্পোর্টস সিটি। যারা খেলেছেন তারাই আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, তিনিই আমাদের স্বপ্ন পূরণ করেছেন এবং আগামীতে ভালো খেলোয়াড় হওয়ার পথ দেখিয়েছেন। বলেছেন, এমন চমকে ভরা টুর্নামেন্ট দেশের ক্রীড়া উন্নয়নে অনুকরণীয় হয়ে থাকবে।
এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্যোগটা নেন সায়েম সোবহান আনভীর। তিনি চান পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকুক। এতে তারা নিজেদের ভালোভাবে গড়ে তুলতে পারবে।
বসুন্ধরা ও খেলাধুলা এক সূত্রে গাথা তা কারোর আজনা নয়। তার পরও এবিজির এ আয়োজন চমকে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনকে। খেলোয়াড় তৈরির সংকটে এবিজি কাপ নতুন এক পথ দেখালো। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল ফুটবল ও ক্রিকেট ম্যাচে দেশবরেণ্য খেলোয়াড়দের অতিথি করে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া। তরুণদের যারা স্বপ্নের নায়ক ছিলেন তাদের হাত থেকে পুরস্কার নেওয়াটা ভালো খেলোয়াড় হতে অনুপ্রাণিত করবে।
দেশের ফেডারেশনগুলো যেখানে লোকাল আসর জমাতে পারছে না। সেখানে এবিজি স্পোর্টস সিটিই বলে দিল সুষ্ঠু পরিকল্পনা, পরিশ্রম ও মেধা থাকলে সবই সম্ভব। আনভীর ক্রিকেট স্টেডিয়াম বা কিংস অ্যারিনা যেখানে খেলা হয়েছে সেখানেই শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ফুটবল ফাইনাল দেখে তো অতীতে মোহামেডান-আবাহনীর লড়াইয়ের দর্শকভরা গ্যালারির কথা মনে করিয়ে দিয়েছিল। উৎসাহ-উদ্দীপনা ও জমজমাট লড়াইয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ স্বার্থক। এর পেছনে এবিজি স্পোর্টস সিটির পরিচালক বাফুফের সিনিয়র সহসভাপতি মো. ইমরুল হাসানের কথা না বললে নয়। অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি দুই মাঠে খেলা হওয়ায় এ ভেন্যু-ওই ভেন্যুতে ছুটতে দেখা গেছে। টিম স্পিরিট কাকে বলে তা এক আসর করেই বুঝিয়ে দিল আনভীর বসুন্ধরা গ্রুপ। যা দেশের অন্য ফেডারেশনে শিক্ষণীয় হয়ে থাকবে। এ টুর্নামেন্ট সার্থক করার পেছনে বিশ্ববিদ্যালয়গুলো ধন্যবাদ পেতেই পারে। তাদের অংশগ্রহণে এক সার্থক আয়োজনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
