আনুষ্ঠানিকভাবে নাসিকের দায়িত্ব গ্রহণ করলেন সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার সকালে সিটি কর্পোরেশনের নগর ভবনে গিয়ে এই দায়িত্বভার গ্রহণ করেছেন।

এ সময় নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রশাসক সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নিয়োগ হলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না। প্রতিটি এলাকার সঙ্গে তার যোগাযোগ থাকে না। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যেহেতু শহরেই বসবাস করি তাই শহরের সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদের উপর প্রভাব পড়ে। আমি মনে করি বর্তমান সরকার সেই ভাবনা থেকেই সমস্যাগুলো দ্রুততার ভিত্তিতেই সমাধানের জন্য আমাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি এটাকে পবিত্র দায়িত্ব হিসেবে মনে করি। আমি সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাই। আমি ৬০ দিনের একটি কর্মসূচি হাতে নিবো। শহরের ধূলাবালি পরিষ্কার করে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলবো এবং গাছ লাগাবো। আগামী ৬০ দিনের মধ্যেই হকার সমস্যা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসবো।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ ৬ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগ দিয়ে গত রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights