আমিরাতে দুই বিদেশি ব্যাংকের শাখাকে ১৮.১ মিলিয়ন দিরহাম জরিমানা

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক দেশটির অভ্যন্তরে কার্যরত দুইটি বিদেশি ব্যাংকের শাখাকে মোট ১৮.১ মিলিয়ন দিরহাম জরিমানা করেছে। এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী অর্থায়ন রোধ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে।

বুধবার (২৮ মে) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রথম ব্যাংক শাখাকে ১০.৬ মিলিয়ন দিরহাম এবং দ্বিতীয় শাখাকে ৭.৫ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে। এই জরিমানাগুলি ২০১৮ সালের ফেডারেল ডিক্রি আইন নম্বর (২০) এর ১৪ নম্বর ধারার অধীনে আরোপিত হয়েছে, যা মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন ও অবৈধ সংগঠন প্রতিরোধে প্রণীত।

কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে দেখা গেছে, ওই ব্যাংক শাখাগুলি মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী অর্থায়ন রোধ সংক্রান্ত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতা দেশের আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে যে, দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের আইন, বিধিমালা ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করার জন্য তারা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা এবং দেশের আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

সংযুক্ত আরব আমিরাতে মে মাসের শুরুতে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসী অর্থায়ন রোধ সংক্রান্ত আইন বিধিমালা লঙ্ঘনের কারণে একটি মানি এক্সচেঞ্জ হাউজকে ২০০ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়।এছাড়া সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপককে ৫ লাখ দিরহাম জরিমানা এবং দেশের কোনো লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানে ভবিষ্যতে কাজ করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

চলতি বছরের মার্চ মাসে পাঁচটি ব্যাংক ও দুটি বীমা প্রতিষ্ঠানকে কর সংক্রান্ত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ না করার কারণে মোট ২.৬২১ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি নির্দেশিকা অনুযায়ী রিপোর্টিং প্রক্রিয়া পালন করতে ব্যর্থ হয।

সূত্র- দ্যা খালিজ টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights