আলজেরিয়া ম্যাচের আগে কী ভাবছেন স্কালোনি!
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়ার খেলার ধরনে তিনি মরক্কোর ছায়া দেখতে পাচ্ছেন এবং দলটিকে অত্যন্ত শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আলজেরিয়াকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ‘তারা দুর্দান্ত একটি দল। আক্রমণভাগে দ্রুতগতির খেলোয়াড় রয়েছে। তাদের সম্মান করা উচিত এবং সতর্ক থাকতে হবে। তারা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে।’
আলজেরিয়ার খেলার ধরন সম্পর্কে স্কালোনি বলেন, ‘মরক্কোর মতোই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া। তারা একই ধরনের ফুটবল খেলে। তাদের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। পাশাপাশি তাদের কোচও খুব ভালো, যিনি দলকে সংগঠিতভাবে খেলাতে সক্ষম।’
চার বছর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের অভিজ্ঞতাও স্মরণ করেন আর্জেন্টিনা কোচ। তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও বেশি সতর্ক থাকার কথা জানান তিনি।
স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ থেকে আমরা শিখেছি প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই আমরা শান্ত ও আত্মবিশ্বাসী আছি। প্রথম ম্যাচে যা-ই হোক, পুরো টুর্নামেন্টের চিত্র তা দিয়ে নির্ধারিত হয় না।’
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে প্রথম বাধা আলজেরিয়াকে গুরুত্ব দিয়েই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি ও তার শিষ্যরা।
