আশুলিয়ায় প্রেসার কুকার আকৃতির বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয়

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে থেকে প্রেসার কুকার আকৃতির একটি বোমা উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শুক্রবার সকালে ফাঁকা জায়গায় বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির একটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে নিশ্চিত হয়। পরে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা বস্তুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোড এলাকার একটি ফাঁকা প্লটে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, রাতে দোকানের সামনে এমন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights