ইফতিখারের ব্যাটে রংপুরের লড়াকু পুঁজি

অনলাইন ডেস্ক

চিটাগং কিংসের বিরুদ্ধে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানের পুঁজি গড়েছে রংপুর রাইডার্স। শুরুর দিকে বেশ কিছু উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুরের ইনিংস প্রাণ ফিরিয়েছেন ইফতিখার আহমেদ ও শেখ মেহেদী হাসান। শেষ দিকে দুজনের ব্যাটে ভর করে ১৪০ পার করেছে রংপুর।

মিরপুর হোম অব ক্রিকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার স্টিভেন টেইলরের উইকেট হারায় রংপুর। ৭ বলে রানের খাতা খোলার আগেই দলীয় ৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান টেইলর।

সুবিধা করতে পারেননি তিনে নামা সাইফ হাসানও। ৮ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন সাইফ। সাবলীল ছিলেন ওপেনার সৌম্য সরকার। শুরুটা ভালোভাবে করলেও ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। দলীয় ৩৭ রানের মাথায় ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন সৌম্য। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৭ রান তোলে রংপুর, হারায় ৩ উইকেট।

এক প্রান্ত ধরে খেলতে থাকেন চারে নামা ইফতিখার আহমেদ। আরেক প্রান্তে খাবি খেয়েছেন ব্যাটাররা। ব্যক্তিগত ইনিংসে ২১ বলে ৯ রান করে বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সুবিধা করতে পারেননি ইরফান শুক্কুরও। ২ বলে করেন ১ রান।

শেষ দিকে কিছুটা চড়াও হয়েছেন টিকে থাকা ইফতিখার, ছুঁয়েছেন ফিফটি। ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। মেহেদী অপরাজিত ছিলেন ২০ বলে ২২ রান করে।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রানের পুঁজি দাঁড় করায় রংপুর।

চিটাগংয়ের হয়ে দুই উইকেট তুলেছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights