ইসরায়েলের কারাগারে ৪৫ বছর, কে এই ফিলিস্তিনি নেতা?

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি নেতা নায়েল বারঘুতি। ৪৫ বছর ধরে তিনি বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি কারাগার থেকে মুক্তি পান।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নায়েল বারঘুতি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারাবন্দি রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনি বন্দিদের “ডিন” হিসেবে পরিচিত। তিনি তার জীবনের প্রায় দুই-তৃতীয়াংশ সময় কারাগারে কাটিয়েছেন। ৬৭ বছর বয়সী এ নেতা গত বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন।

বারঘুতি ইসরায়েলের কারাগারে ৪৫ বছর কাটিয়েছেন, যার মধ্যে টানা ৩৪ বছর কারাবন্দি ছিলেন। ২০০৯ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারাগারে থাকা রাজনৈতিক বন্দি।

কে এই নায়েল বারঘুতি?
ফিলিস্তিনি বন্দিদের মধ্যে তিনি “আবু আল-নূর” নামে পরিচিত। এছাড়া, তিনি ইসরায়েলের কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় আটক থাকা ফিলিস্তিনি বন্দি। বারঘুতি ২০১১ সালের গিলাড শালিট বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি পশ্চিম তীরের রামাল্লার কাছে তার নিজ শহর কোবারে ফিরে যান। তবে, ২০১৪ সালে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করে তাকে পুনরায় গ্রেপ্তার করে এবং তার আগের যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল করে।

নায়েল বারঘুতির পরিবার জানিয়েছে, মুক্তির পর তিনি ফিলিস্তিনের বাইরে নির্বাসনে থাকার শর্তে সম্মতি দিয়েছেন। এতে তাকে পুনরায় ইসরায়েল কর্তৃক গ্রেপ্তার হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।

সূত্র: মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights