ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, যুক্তরাজ্যকে ব্রিটিশ দাতব্য সংস্থা

অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং স্বাস্থ্যসেবা অবকাঠামো ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির কাছে সব ধরনের অস্ত্র সরবরাহ অবিলম্বে স্থগিত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনসের প্রধান নির্বাহী স্টিভ কাটস।

তিনি বলেছেন, গাজায় যা ঘটছে, তা নিয়ে যুক্তরাজ্য সরকারের ক্ষোভকে কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। এ জন্য ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করা জরুরি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে কাটস বলেন, গাজার অবরুদ্ধ ভূখণ্ডে একমাত্র সচল অস্ত্রোপচার হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় এক শল্যচিকিৎসক নিহত হয়েছেন। নিজের কর্মস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি। হাসপাতালের শয্যায় থাকা রোগীরাও হামলায় নিহত হয়েছেন। অস্ত্রোপচারকক্ষ ও নিবিড় পরিচর্যাকেন্দ্রও হামলার শিকার হয়েছে।

চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন কাটস। তার ভাষায়, ‘এ কেমন যুদ্ধবিরতি? ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। আর গাজার হাসপাতালগুলোকে এমন একটি স্বাস্থ্যব্যবস্থার ধ্বংসাবশেষ সামাল দিতে হচ্ছে, যেটিকে পরিকল্পিতভাবে আগেই ভেঙে ফেলা হয়েছে।’

কাটস বলেন, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে চিকিৎসা কার্যক্রম চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এর মধ্যে হাসপাতালগুলোতে নতুন করে হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

যুক্তরাজ্য সরকারের প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা এবং চিকিৎসাসামগ্রী প্রবেশে নিয়মিত বাধা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্প্রসারিত নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস এবং চিকিৎসাসেবায় বাধা সৃষ্টির জন্য দায়ীদের পরিণতি ভোগ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

গাজায় ইসরায়েলি হামলার মধ্যে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের নিরাপত্তা, চিকিৎসক-নার্সদের সুরক্ষা এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। কাটসের বক্তব্যে সেই উদ্বেগের পাশাপাশি ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের অস্ত্র সরবরাহ ও দেশটির নীতিগত অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights