উপজেলায় মেলে না স্বাস্থ্যসেবা
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবার প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতাল আছে, অবকাঠামো ও চিকিৎসাসরঞ্জামও রয়েছে; কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ও সহায়ক জনবলের অভাবে রোগীরা পাচ্ছেন না কাক্সিক্ষত সেবা। ফলে বাধ্য হয়েই রোগীদের ছুটতে হচ্ছে জেলা কিংবা কাছের কোনো বড় শহরে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৮ হাজার ৪৫২টি পদ শূন্য, যা অনুমোদিত চিকিৎসক পদের অর্ধেকেরও বেশি। কোথাও কোথাও শূন্য পদের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। ফলে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ সেবাও ব্যাহত হচ্ছে। চিকিৎসক সংকটের এ চিত্রের মধ্যেই আবার ৮ হাজার ৫৬১ জন চিকিৎসক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। তাঁদের মধ্যে ৮৪৫ জনের নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই। অন্যদিকে সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৬৯ হাজারের বেশি জনবলের প্রায় ২৫ হাজার পদ শূন্য রয়েছে। সংকট মোকাবিলায় সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসক নিয়োগ নয়, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য সহায়ক জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করাও জরুরি। সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে ৮৮ হাজার ৯০০ চিকিৎসক প্রয়োজন। বর্তমানে কর্মরত রয়েছেন ৩০ হাজার ৩১১ জন। সে হিসাবে চিকিৎসকের ঘাটতি ৫৮ হাজার ৫৮৯ জন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সারা দেশের হাসপাতালে জনবল সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে। চিকিৎসক, নার্স নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। সেবা নিশ্চিতে তদারকি বাড়াতে স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিতি মনিটরিং জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না থাকলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অনেক চিকিৎসক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্বাস্থ্য বিভাগের অনেক অসুস্থতা আছে। শুধু ধমক দিয়ে, শাস্তি দিয়ে পরিবর্তন সম্ভব নয়। সিস্টেমকেই এমনভাবে গড়ে তুলতে হবে যেন তদারকি, জবাবদিহি নিশ্চিত হয়। চিকিৎসাব্যবস্থার বিকেন্দ্রীকরণ জরুরি। তাহলে ঢাকামুখী, শহরের দিকে আসা রোগীর চাপ কমবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী হলে সেবার পরিধি বাড়বে। উপজেলা হাসপাতালের সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৪৯২টি উপজেলায় চিকিৎসকের ৮ হাজার ৪৫২টি পদ শূন্য ছিল। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট-সব বিভাগেই জনবল সংকটের চিত্র রয়েছে। কোনো কোনো উপজেলায় অনুমোদিত পদের দুই-তৃতীয়াংশেরও বেশি খালি থাকায় সীমিতসংখ্যক চিকিৎসককে বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে হচ্ছে।
সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছেন সেই সংকট ও অব্যবস্থাপনার চিত্র। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও জ্বালানির ব্যবস্থা নেই। ফলে বিদ্যুৎ না থাকলে অন্ধকারেই থাকতে হয়। নেই ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন। সংকট আছে জনবলের। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা যায় না প্রয়োজনীয় পরীক্ষা। অন্যদিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও মেঝেতে গাদাগাদি করে চলছে চিকিৎসা। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে আছে। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা। অভ্যন্তরে ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। হাসপাতালের পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে সীমানাপ্রাচীর না থাকায় হাসপাতালটি অনেকটা অরক্ষিত অবস্থায় আছে।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশালের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সংকট আছে। মঞ্জুরিকৃত ১ হাজার ৭৭৬টি পদের মধ্যে ৬৪৮টি পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালে গিয়ে কাক্সিক্ষত সেবা না পেয়ে ক্ষুব্ধ হচ্ছেন রোগী ও তাঁদের স্বজনরা। মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া দুই পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ওই দুই কর্মী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সচালক না থাকায় জরুরি রোগীরা বিপাকে পড়ছেন।
বরিশাল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট মঞ্জুরিকৃত পদ ১ হাজার ৭৭৬টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ১ হাজার ১২৮ জন। শূন্য পদের সংখ্যা ৬৪৮। এ বিষয়ে বরিশালের সিভিল সার্জন ডা. সাইয়েদুর রহমান বলেন, শূন্য পদে জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলাতেই বেহাল অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবা। চিকিৎসক ও জনবল সংকটের কারণে রীতিমতো ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না গ্রামগঞ্জের সাধারণ মানুষ। ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই দীর্ঘদিন বন্ধ রয়েছে অস্ত্রোপচার। যে কারণে সামান্য অস্ত্রোপচারের প্রয়োজন হলেও যেতে হচ্ছে জেলা সদর কিংবা সিলেটে। মৌলভীবাজার প্রতিনিধি জানান, নানা সংকটে ব্যাহত হচ্ছে রাজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা। টেকনিশিয়ান না থাকায় টেস্ট করতে হচ্ছে বাইরের হাসপাতাল থেকে। অব্যবহৃত থেকে পরীক্ষাগারের যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ছে। তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স সচল আছে। হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) দুটি টেবিলের মধ্যে একটি সচল আছে, একটি অকেজো। চিকিৎসক না থাকায় এই হাসপাতালে কোনো অস্ত্রোপচার হচ্ছে না।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, লোকবলের অভাবে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে কম ডাক্তার দিয়ে খুঁড়িয়ে চলছে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যার হাসপাতালের লোকবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালটিতে ৪১টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ছয়জন। সার্জারি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় তিন বছর ধরে বন্ধ অস্ত্রোপচার কার্যক্রম।
জয়পুরহাট প্রতিনিধি জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে ভুগছে। জানা যায়, হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে মোট ৩৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২১ জন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে কার্যত বন্ধ আছে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ফলে সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের হাজারো মানুষ। লক্ষ্মীপুরের ৮টি স্বাস্থ্যকেন্দ্রে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কুশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও একটি তিন তলা ভবন নির্মাণ করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৫টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের কোনোটিতেই নেই চিকিৎসক। ৪টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক পদায়িত থাকলেও তারা অন্য জায়গায় সংযুক্তিতে রয়েছেন। আরেকটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছুটি ছাড়াই চার বছর ধরে অনুপস্থিত রয়েছেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম ভূইয়া বলেন, বিনা অনুমতিতে অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ব্রাহ্মন্দী উপ-স্বাস্থ্যকেন্দ্র একজন ফার্মাসিস্ট ও একজন মিডওয়াইফ দিয়ে চলছে। হাইজাদী উপ-স্বাস্থ্যকেন্দ্র শুধু একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে। চৈতনকান্দা উপ-স্বাস্থ্যকেন্দ্র একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকমে স্বাস্থ্যসেবা চালানো হচ্ছে। কালাপাহাড়িয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন প্রায় বন্ধই বলা চলে।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে শুধু শয্যা ও চিকিৎসক সংকট নয়, অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের ফ্যান, পানি ও বাথরুম ব্যবস্থাপনাতেও দেখা দিয়েছে তীব্র সংকট। হাসপাতালের জন্য অনুমোদিত ৭৯টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৪ জন। একইভাবে নার্স, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও টেকনিশিয়ানের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম।
শরীয়তপুর প্রতিনিধি জানান, কাগজে-কলমে শরীয়তপুর সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনো ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী কার্যক্রম চলছে। অনুমোদিত ৭২টি চিকিৎসক পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ২২ জন। চিকিৎসকের পাশাপাশি নার্স সংকটও রয়েছে। ৯২টি অনুমোদিত নার্স পদের বিপরীতে কর্মরত ৫৯ জন।
শেরপুর প্রতিনিধি জানান, দালালের দৌরাত্ম্য, ছিনতাইকারী, মাদকসেবী, চোরের উপদ্রব, ওষুধের সংকট, চিকিৎসক সংকটে আছে শেরপুর জেলা হাসপাতাল। ৮৬ জন ডাক্তারের পদের বিপরীতে আছে মাত্র ২৮ জন।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল জেলার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা নড়াইল জেলা হাসপাতাল। ডাক্তার ও শয্যা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে হাসপাতালটিতে এখন চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে জেলার প্রায় ১০ লাখ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার দ্বিগুণ থেকে তিন গুণ রোগী ভর্তি থাকছেন। দিনাজপুর প্রতিনিধি জানান, নিয়মিত রোগীদের সেবা দিতেই হিমশিম খাচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। অপারেশন থিয়েটার থাকলেও কনসালট্যান্ট না থাকায় এক বছর ধরে অপারেশন বন্ধ। দন্ত চিকিৎসক আছে, কিন্তু ডেন্টাল চেয়ার না থাকায় সেবা ব্যাহত হচ্ছে। দুই বছর ধরে নষ্ট আলট্রাসনোগ্রাম মেশিন। বর্তমানে ২৮ জন চিকিৎসকের পরিবর্তে আটজন দিয়ে চার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা চালানো হচ্ছে। তবে প্রসূতি নারীদের স্বাভাবিক প্রসবে দৃষ্টান্ত রাখলেও জনবল সংকটের পাশাপাশি জরুরি ওষুধে রয়েছে ঘাটতি।
