এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

অনলাইন ডেস্ক

লিওনেল মেসি কি তবে টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে যাচ্ছেন? ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগে এমন এক রোমাঞ্চকর ও অবিশ্বাস্য সমীকরণ সামনে এসেছে, যা এখন ফুটবল দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। নেটিজেন এবং আলবিসেলেস্তে সমর্থকদের মধ্যে ভাইরাল হওয়া একটি অদ্ভুত সংখ্যাতত্ত্বের তত্ত্ব বলছে, মেসির ক্যারিয়ারের পুরোনো জার্সি নাম্বারগুলোর মধ্যেই লুকিয়ে আছে আর্জেন্টিনার সাম্প্রতিক সব ঐতিহাসিক শিরোপা জয়ের দিনক্ষণ।

কুসংস্কার আর ফুটবলের লোকগাথাকে মিলিয়ে দেওয়া এই তত্ত্বটির শুরু মূলত আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তানো মাজেইয়ের একটি ইনস্টাগ্রাম ভিডিও থেকে। তত্ত্বটি আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও এর পেছনের কাকতালীয় ঘটনাগুলো একদম নিখুঁত। পুরো হিসাবটা শুরু হয় মেসির আইকনিক ১০ নম্বর জার্সি দিয়ে। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা ২০২১ সালের ঠিক ১০ জুলাই ব্রাজিলের মারাকানায় কোপা আমেরিকা জয় করেছিল।

এরপর আসে মেসির ক্যারিয়ারের শুরুর দিকের ১৮ নম্বর জার্সির প্রসঙ্গ। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে ২০২২ সালের ঠিক ১৮ই ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। এই সংখ্যার খেলা এখানেই শেষ নয়, এর পরের সংযোগটি মেসির ১৫ নম্বর জার্সির সাথে। ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি কলম্বিয়ার বিপক্ষে ১৪ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও স্টেডিয়ামের বিশৃঙ্খলার কারণে কিক-অফ পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি যখন গড়ায় এবং আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়, ঘড়ির কাঁটায় তখন ছিল ১৫ জুলাই।

১০, ১৮ এবং ১৫-এর এই অবিশ্বাস্য মিলের পর এখন আর্জেন্টিনার কোটি ভক্তের চোখ আটকে গেছে ১৯ নম্বরের ওপর। ক্যারিয়ারের শুরুর দিকে আর্জেন্টিনা দল ও বার্সেলোনায় ১৯ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন মেসি। আর চলতি ২০২৬ বিশ্বকাপের মহোৎসবের ফাইনাল ম্যাচটি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ জুলাই। এই একটি দিন ঘিরেই এখন ভক্তদের মনে ডানা মেলছে নতুন স্বপ্ন। যদি আগের তিনটি জার্সি নাম্বারের তারিখে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, তবে কি ১৯ জুলাইও মেসির পুরোনো জার্সির জাদুতেই বিশ্বজয় করবে আর্জেন্টিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights