ব্যক্তিগত বিমান থেকে বিলাসবহুল বাড়ি, রাজকীয় জীবনযাপন হালান্ডের
স্পোর্টস ডেস্ক
মাঠে আর্লিং হাল্যান্ডের নাম শুনলেই প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোল করার অসাধারণ ক্ষমতায় তিনি ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে মাঠের বাইরেও তাঁর জীবনযাপন কম আলোচিত নয়। বিলাসবহুল সম্পত্তি, দামী গাড়ি, ঘড়ি এবং ব্যক্তিগত বিমানের কারণে নরওয়ের এই তারকা প্রায়ই থাকেন আলোচনায়।
ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড নিজের পছন্দ ও বিলাসী জীবনযাপনের পেছনে ইতোমধ্যেই কয়েক কোটি ডলার ব্যয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তাঁর সম্পদের তালিকায় রয়েছে বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে বিশ্বের নামী ব্র্যান্ডের সামগ্রী।
হাল্যান্ড শুধু নিজের বিলাসী জীবন নিয়েই পরিচিত নন, উদারতার জন্যও আলোচিত। বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার সময় সতীর্থ ও কোচিং স্টাফদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ডর্টমুন্ডের সতীর্থদের প্রত্যেককে প্রায় ১৬ হাজার ডলার মূল্যের রোলেক্স ঘড়ি এবং কোচিং স্টাফদের সদস্যদের প্রায় ৫ হাজার ডলার মূল্যের ওমেগা ঘড়ি উপহার দিয়েছিলেন হাল্যান্ড।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার পর তিনি প্রায় ১ হাজার ডলার মূল্যের একটি লুই ভুইতোঁ ব্যাগও কিনেছিলেন।
ঘড়ির প্রতি হাল্যান্ডের বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে বিশ্বের নামী ব্র্যান্ডের বেশ কিছু বিলাসবহুল ঘড়ি, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ডলার।
শুধু ঘড়ি নয়, গাড়ির প্রতিও দুর্বলতা রয়েছে এই স্ট্রাইকারের। তাঁর গ্যারাজে রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ-বেঞ্জ, অডি ও রেঞ্জ রোভারের মতো বিলাসবহুল গাড়ি। এসব গাড়ির পেছনে তাঁর খরচের পরিমাণ প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার বলে জানা গেছে।
হাল্যান্ডের সবচেয়ে আলোচিত সম্পদের মধ্যে রয়েছে তাঁর বিলাসবহুল বাড়ি ও ব্যক্তিগত বিমান। স্পেনে তিনি প্রায় ৭ মিলিয়ন ডলার মূল্যের একটি রাজকীয় ভিলা কিনেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ ছাড়া তাঁর নিজস্ব প্রাইভেট জেটের মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। আধুনিক সব সুযোগ-সুবিধাসহ এই বিমানে রয়েছে আরামদায়ক ভ্রমণের সব ব্যবস্থা।
