একঘেয়েমি কাটাতে মাঝ আকাশেই ‘আই অ্যাম বোরড’ লিখলেন পাইলট

অনলাইন ডেস্ক

পরীক্ষামূলক উড্ডয়নের সময় একঘেয়েমি কাটাতে আকাশে উড়োজাহাজ দিয়ে ‘আই অ্যাম বোরড’ (আমি বিরক্ত) লিখে ফেলেছেন এক তরুণ পাইলট। যুক্তরাজ্যে ঘটে যাওয়া এই মজার ঘটনা ধরা পড়েছে অনলাইন ফ্লাইট ট্র্যাকিং অ্যাপেও।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লিভারপুল থেকে রেভনএয়ারের একটি হালকা উড়োজাহাজ আকাশে ওঠে। এরপর সেটি উইরাল উপদ্বীপ, চেশায়ার এবং উত্তর ওয়েলসের আকাশে বিভিন্ন পথে উড়ে একটি বিশেষ বার্তা তৈরি করে। প্রায় দুই ঘণ্টার ওই পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করলে দেখা যায়, আকাশে তৈরি হয়েছে ইংরেজি বাক্য-“I AM BORED”।

রেভনএয়ার কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটির একটি সিলিন্ডার পরিবর্তনের পর সেটি ঠিকমতো কাজ করছে কি না পরীক্ষা করতেই একজন তরুণ ফ্লাইং ইনস্ট্রাক্টর পাইপার টমাহক মডেলের উড়োজাহাজটি নিয়ে আকাশে উঠেছিলেন। দুপুর দেড়টার দিকে উড়োজাহাজটি নিরাপদে মার্সিসাইডে ফিরে আসে।

এয়ারলাইন্সের অপারেশন ম্যানেজার ওয়েন ব্যারেট বলেন, এটি মূলত একটি পরীক্ষামূলক ফ্লাইট ছিল। দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে পাইলট হয়তো কিছুটা একঘেয়েমি অনুভব করেছিলেন। তবে আকাশে এমন নিখুঁতভাবে শব্দ তৈরি করতে যথেষ্ট মনোযোগ ও দক্ষতার প্রয়োজন হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক মনোযোগ পেলেও ওই পাইলটের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্তমানে উড়োজাহাজটি নিরাপদে হ্যাঙ্গারে রাখা হয়েছে এবং পাইলট ছুটিতে রয়েছেন।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, ফ্লাইট রুট দিয়ে এমন নকশা তৈরি করা নতুন কিছু নয়। তবে পরীক্ষামূলক উড্ডয়নের সময় পাইলটের এমন সৃজনশীল কর্মকাণ্ড সাধারণত খুব কমই দেখা যায়।

তথ্য সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights