একে একে না ফেরার দেশে মা-বাবা ও শিশুসন্তান, আগুনে শেষ পুরো পরিবার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। একে একে সবাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে করে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন।
সবশেষ মঙ্গলবার (১১ আগস্ট) রাজমিস্ত্রি মাইদুল (২৪) প্রাণ হারিয়েছেন। তার আগে গত সোমবার তার স্ত্রী বিউটি (২৪) এবং গত শনিবার মাইদুলের ৮ বছরের শিশুসন্তান মারুফ প্রাণ হারিয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তারা তিনজনই একে একে মারা গেছেন।
এর আগে, গত ৭ আগস্ট নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছিলেন। এদিন সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত বিউটি ও তার পরিবারের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা নারায়ণগঞ্জের বন্দরে এসে কুড়িপাড়া-চাপাতলী এলাকায় একটি টিনের ঘর ভাড়া নিয়েছিলেন। তাদের পরিবারের আর কেউই থাকল না।
