এক মাসে ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
নিজস্ব প্রতিবেদক
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে এরই মধ্যে ২ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। গতকাল রাজধানীর কড়াইল টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা ক্যাচ-আপ ক্যাম্পেইন-২০২৬-এর টিকাদান সেশন পরিদর্শনকালে এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগের ক্যাম্পেইনের ধারাবাহিকতায় ডিএনসিসি এবারও টিকাদান কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাসায় বাসায় গিয়ে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা হচ্ছে। হাম-রুবেলা ক্যাম্পেইনের শেষ পর্যায়ে বাকি শিশুদের টিকা নিশ্চিত করতে ডিএনসিসি স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, আগের কর্মসূচিতে বাদ পড়া আরও প্রায় ৩৫ লাখ শিশুকে আগামী এক মাসের মধ্যে হাম-রুবেলার টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। আগের কর্মসূচিতে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার আওতায় আনতে বিশেষ ক্যাচ আপ বা মপ আপ ক্যাম্পেইন চালানো হচ্ছে। হাম-রুবেলা প্রতিরোধে সারা দেশে ইতোমধ্যে প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সহায়তা : ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। গতকাল ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান ঢাকার বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি মাঠে চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। দূতাবাস জানিয়েছে, দেশব্যাপী চলমান এ টিকাদান কার্যক্রমে ইউনিসেফের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশে চলমান হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের টিকাদানের লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
