এমপির বাড়িতে আগুনের ঘটনায় উত্তপ্ত সংসদ

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গতকাল সংসদ অধিবেশনে বাগ্বিতণ্ডা হয়েছে। পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, ‘বুধবার রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’ এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে যৌথ তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে নাহিদ ইসলাম বলেন, ‘বুধবার রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পর পুলিশ সুপারের সঙ্গে কথা বললেও দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি।’ ফরেনসিক তদন্ত ছাড়াই দৌলতপুর থানার ওসি কীভাবে ‘পেট্রোলবোমার আলামত পাওয়া যায়নি’ বলে মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে অবস্থিত এক তলা টিনশেড আধাপাকা বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। বাড়িটিতে কেউ বসবাস করতেন না। আগুনে কিছু আসবাব, কেয়ারটেকারের জুতা তৈরির সরঞ্জাম এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার, এসপি এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে যৌথ তদন্ত চলছে।’

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রোলবোমা বিস্ফোরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথাও কেউ জানাননি। শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন স্থানে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হামলার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’ এমন পরিস্থিতিতে একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন রাখেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। সংসদ সদস্য, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’ সরকার তাঁদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

নাহিদের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, ‘এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন।’

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার : কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বাসায় রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার। গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করেও কাউকে পাননি বলে সংসদে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

গতকাল সংসদে দ্বিতীয় দফায় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ কথা বলেন স্পিকারের আসনে বসে থাকা কায়সার কামাল। তিনি বলেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের।’ তিনি জানান, রাত ২টার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলেও তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ বিষয়ে একটি ইনভেস্টিগেশন বা তদন্ত চলছে।

১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত : এদিকে গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ায় এমন ১৯টি ওয়েবসাইটও শনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights