এমপি নুসরাতের বাবার নামে মামলা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আবদুল হালিম ওরফে টমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আবদুল হালিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি তিনি এখনো নিশ্চিত নন। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আবদুল হালিমকে আসামি করে দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহসিন চৌধুরী জানান, তাঁকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি।
