এল ক্লাসিকোয় চমক জাগানো কে এই ইসরায়েলি তরুণ?
অনলাইন ডেস্ক
এল ক্লাসিকোয় বার্সেলোনার মূল স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ইসরায়েলি ফুটবলার ওরিয়ান গোরেন। স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর চোটের কারণেই মূলত স্কোয়াডে ডাক পান তিনি। ইসরায়েলি এ ফুটবলার কিভাবে বার্সার মূল স্কোয়াডে ডায়গা পেলেন? কেমনই বা খেলেন তিনি?
ওলমোর চোটের কারণে প্রতিভাবান ইসরায়েলি তরুণ ফুটবলার ওনিয়ানের ওপর বিশ্বাস রাখেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘মার্কা’ গোরেনের অগ্রগতির প্রশংসা করে লেখে, এই সপ্তাহগুলোতে মূল দলের স্কোয়াডের সদস্যদের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন গোরেন। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবশ্য মাঠে নামার সুযোগ হয়নি তার।
বার্সেলোনার রিজার্ভ দলের হয়ে এই ইসরায়েলি মিডফিল্ডারের পারফরম্যান্সেরও প্রশংসা করেছে মার্কা। সংবাদ মাধ্যমটি বলছে, ক্লাবের রিজার্ভ দল ‘বার্সা আতলেতিক’-এর নিয়মিত ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। মাঠের মাঝমাঠে নিজের ধারাবাহিকতা দিয়ে নজর কেড়েছেন। এল ক্লাসিকোর স্কোয়াডে তার সম্ভাব্য ডাক তার অগ্রগতির যাত্রায় আরেকটি নতুন অধ্যায় যোগ করবে। মাত্র ১৭ বছর বয়সে এমন এক ম্যাচের স্কোয়াডে থাকার দারুণ সুযোগ এসেছে গোরেনের সামনে, যেটিতে খেলার স্বপ্ন সব ফুটবলারই দেখে।
রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আরেক কাতালান ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’। সেখানে কীভাবে ফ্লিকের আস্থা অর্জন করলেন গোরেন, তা বিশ্লেষণ করা হয়েছে এবং এই তরুণ প্রতিভাকে ঘিরে বাড়তে থাকা আলোচনার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। সবার আশা, এই মাইলফলকটি তার এক উজ্জ্বল ক্যারিয়ারের কেবল শুরু মাত্র।
এর আগে প্রাক-মৌসুমের ম্যাচগুলোতে ফ্লিক তাকে বেশ কিছু সুযোগ দিয়েছিলেন। সেই সময় মূল দলের অনুশীলনেও অন্তর্ভুক্ত করেছিলেন।
ফ্লিক গোরেনের সঙ্গে বেশ পরিচিত। হুয়ান গ্যাম্পার ট্রফি ম্যাচসহ বার্সেলোনার মূল দলের প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে অংশগ্রহণ করেছিলেন গোরেন।
গোরেনের এই সাফল্য অতীতে বার্সেলোনার মূল দলের অংশ হওয়া আরেক ইসরায়েলি খেলোয়াড় গাই আসুলিনের কথা মনে করিয়ে দেয়। আসুলিন কাতালান ক্লাবটির হয়ে কোপা দেল রের ম্যাচগুলোতে খেলেছিলেন।
তবে লা লিগার কোনো ম্যাচে বার্সেলোনার জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বার্সেলোনার স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া আরেক তরুণ খেলোয়াড় হলেন অ্যালেক্স কাম্পোস, যিনি এর আগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এবং এবারই প্রথম লিগ ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন।
