এশিয়ান গেমসে বাংলাদেশের শুরু উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে

স্পোর্টস ডেস্ক

এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে অভিযান শুরু করবে ঋতুপর্ণা চাকমাদের বাংলাদেশ দল।

এর আগে গ্রুপিং চূড়ান্ত হলেও এবার প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ সূচি। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল। এরপর ২০ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এবারের আসরে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এর আগে ২০২২ সালে চীনের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সাবিনা খাতুনদের। একটি ড্র ও দুটি হার নিয়ে শেষ করেছিল দলটি।

হাংজু আসরে বাংলাদেশের শুরু হয়েছিল জাপানের বিপক্ষে ৮-০ গোলের বড় হার দিয়ে। এরপর ভিয়েতনামের কাছে ৬-১ গোলে পরাজিত হয় দল। তবে নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এবারের আসরে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবল দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights