এশীয় পণ্যে মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক, বড় ধাক্কায় ভারতীয় গাড়ি রপ্তানি
এশীয় দেশগুলোর নির্বাচিত পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে মেক্সিকো সরকার। দেশটির সঙ্গে যেসব দেশের বাণিজ্য চুক্তি নেই, তাদের ওপর এ শুল্ক প্রভাব ফেলবে। এর মধ্যে ভারত, চীন দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াও রয়েছে।
মেক্সিকোর সরকার জানিয়েছে, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এই শুল্ক কার্যকর হবে। তাদের দাবি, স্থানীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের চার মাস পর মেক্সিকোর এই সিদ্ধান্তে বড় ধাক্কার মুখে পড়েছে ভারতীয় গাড়ি রপ্তানি। রয়টার্স বলছে, মেক্সিকোর নতুন শুল্কনীতি ভারতের গাড়ি রপ্তানিতে বড় প্রভাব ফেলবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভলকসওয়াগন, হুন্দাই, নিসান ও মারুতি সুজুকির মতো প্রধান গাড়ি নির্মাতাদের প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি এই শুল্কের আওতায় পড়বে।
রয়টার্স আরও জানায়, গাড়ির আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে। এতে ভারতের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত আসবে।
ভারতের অটোমোবাইল শিল্পসংগঠন জানিয়েছে, ‘এই প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি সরাসরি মেক্সিকোতে ভারতের গাড়ি রপ্তানিতে প্রভাব ফেলবে। আমরা ভারতের সরকারের কাছে অনুরোধ করছি, যেন মেক্সিকো সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসা হয়।’
মেক্সিকোর দৈনিক এল ইউনিভার্সালের তথ্যমতে, অটোপার্টস, হালকা মোটরগাড়ি, কাপড়, প্লাস্টিক, স্টিল, গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, টেক্সটাইল, আসবাবপত্র, জুতা, চামড়াজাত পণ্য, কাগজ, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেইলার, কাচ, সাবান, সুগন্ধি ও প্রসাধনী সামগ্রী এই শুল্কনীতির আওতায় পড়বে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
