কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই
অনলাইন ডেস্ক
পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজার চালুর আগে বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে শুধু শেয়ার বা সিকিউরিটিজের মধ্যে বিনিয়োগ সীমাবদ্ধ না রেখে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডের মতো বিভিন্ন পণ্যে বিনিয়োগের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিএসই।
রবিবার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের এক শিল্প পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান।
তিনি বলেন, ‘কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর জন্য শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে বাজারের প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরির কাজ চলছে। এই ব্যবস্থার অন্যতম প্রধান নিয়ামক বিনিয়োগকারী। তাই বিনিয়োগকারীদের শিক্ষিত করে তোলা গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পুঁজিবাজারের বিনিয়োগকারী ও কর্ণধার হবেন।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিল্প পরিদর্শন, প্রশিক্ষণ ও কর্মশালা থেকে অর্জিত জ্ঞান শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, ভবিষ্যৎ কর্মজীবন ও বিনিয়োগের ক্ষেত্রেও কাজে লাগাতে হবে। সফল বিনিয়োগকারী হতে হলে এখন থেকেই ব্যাবহারিক জ্ঞান অর্জনের প্রস্তুতি নিতে হবে।
পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বিনিয়োগে বৈচিত্র্য আনা জরুরি। শুধু সিকিউরিটিজে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ড, ইটিএফ ও বন্ডের মতো পণ্য সম্পর্কেও ধারণা রাখতে হবে।
