কল্পবিজ্ঞানের ধারণাকে বাস্তবে রূপ, উড়ন্ত হোভারবোর্ড বানালেন চীনা তরুণ
অনলাইন ডেস্ক
চীনের ২৬ বছর বয়সী এক প্রযুক্তিপ্রেমী তরুণ সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন। সং জিংয়ু নামের এই তরুণ মানুষ বহনকারী একটি উড়ন্ত হোভারবোর্ড তৈরি করেছেন। প্রায় দুই মাস ধরে এটি নির্মাণের পর সফলভাবে পাহাড়, ইয়াংজি নদী এবং শহরের ওপর দিয়ে উড়ে দেখিয়েছেন তিনি। তার এই অভাবনীয় উদ্ভাবনটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সং জিংয়ুর বাড়ি চীনের হুবেই প্রদেশের এনশি অঞ্চলে। গত ১৫ অক্টোবর তিনি নিজের তৈরি হোভারবোর্ডে চড়ে অনেক উঁচুতে ওড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি ‘অ্যামেজিং আয়ু’ নামে পরিচিত। গ্রামের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা সং মাত্র ১৪ বছর বয়সে স্কুল ছেড়ে বাবার কাঠের কারখানায় কাজ শুরু করেন। টিভিতে ফ্লাইট টেস্টিংয়ের একটি অনুষ্ঠান দেখে বিমানের প্রতি তার আগ্রহ তৈরি হয়। এরপর তিনি বাতিল জিনিসপত্র কুড়িয়ে তার প্রথম মডেল প্লেন বানান।
২০২২ সালের জুনে ঋণ নিয়ে তিনি একটি পরিত্যক্ত শেডকে নিজের গবেষণাগার বানিয়েছিলেন। কিন্তু এক প্রতারণার শিকার হয়ে তাকে প্রায় ৩ লাখ ৬০ হাজার ডলারের ঋণের বোঝাও টানতে হয়েছিল। পরে একটি প্রযুক্তি কোম্পানি তার কাজে অর্থায়ন করে। হোভারবোর্ড তৈরির আগে সং আরও বেশ কিছু দুঃসাহসিক পরীক্ষা চালিয়েছিলেন। এর মধ্যে একটি ছিল নিজের তৈরি জেট ইঞ্জিনচালিত যন্ত্র পরিধান করে ৫ হাজার মিটার ওপর থেকে হেলিকপ্টার থেকে লাফ দেওয়া। সেবার তার মূল প্যারাসুট খুলতে ব্যর্থ হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান তিনি।
এ বছর সং স্পাইডারম্যান সিনেমার খলনায়ক ‘গ্রিন গবলিন’-এর উড়ন্ত গ্লাইডার থেকে অনুপ্রাণিত হয়ে নতুন কিছু তৈরির কাজে হাত দেন। শুরুতে ছোট টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করলেও পরীক্ষামূলক ফ্লাইটে সেটি আগুন ধরে যায়। পরে তিনি বৈদ্যুতিক প্রোপালশন সিস্টেম ব্যবহার করেন। এরপর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত এমন একটি হোভারবোর্ড তৈরি করেন, যা চারজন পূর্ণবয়স্ক মানুষকে বহন করতে পারে। এটি নিরাপদে চালানোর জন্য তিনি ভারসাম্য রক্ষার বিশেষ প্রশিক্ষণও নেন। অক্টোবরে চীনের জাতীয় ছুটির দিনে তিনি এর সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেন। সং জানান, তিনি শূন্য থেকে শুরু করেছিলেন, তাই ব্যর্থতাকে তার ভয় নেই। সাহসের সঙ্গে এগিয়ে যাওয়াই তার কাছে সেরা বিকল্প।
