কালকিনিতে হাসপাতালে টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা, ১৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে টেকনিশিয়ান না থাকা ও রোগীর পরীক্ষার রিপোর্ট প্রদানে অনিয়ম করায় ভূরঘাটা নিরাময় হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে ভূরঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
অভিযোগ রয়েছে, হাসপাতালটিতে প্রয়োজনীয় টেকনিশিয়ান না থাকলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছিল। এ সময় রোগীকে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগও ওঠে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভূরঘাটা নিরাময় হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, রোগীদের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
