কিংস কাপে পেনাল্টি মিস নেইমারের
স্পোর্টস ডেস্ক
কিংস কাপ ব্রাজিলে ফুরিয়ার হয়ে মাঠে নেমে পেনাল্টি মিস করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সোমবার রাতে দিবারাদোসের বিপক্ষে ম্যাচে নিজের স্বাভাবিক ডান পায়ের পরিবর্তে বাঁ পায়ে শট নিয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। তবে নেইমারের পেনাল্টি মিসের পরও ৭-৩ গোলের বড় জয় পেয়েছে ফুরিয়া।
ঘটনাটি ঘটে ব্রাজিলের গুয়ারুলহোসের ট্রাইডেন্ট অ্যারেনায়। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে ফুরিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন নেইমার। দিবারাদোসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পায় তার দল। তখন গ্যালারি থেকে নেমে স্পটকিক নিতে যান ৩৪ বছর বয়সী এই তারকা।
তবে ডান পায়ের বদলে বাঁ পায়ে নেওয়া নেইমারের শট সহজেই ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক লুয়ান তেলেস। ফলে গোলের সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
অবশ্য নেইমারের পেনাল্টি মিসে ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ৭-৩ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফুরিয়া।
ম্যাচের সরাসরি সম্প্রচারে দর্শকদের সঙ্গে কথা বলার সময় কিংস লিগে নিজে খেলার আগ্রহের কথাও জানান নেইমার। মজার ছলে তিনি বলেন, ‘একদিন কিংস লিগে খেলতে চাই আমি। ফুরিয়ায় কি আমার জায়গা হবে? আমিই তো সভাপতি, তাই ২০৩০ সালে খেলব।’
শুধু নিজের খেলার ইচ্ছা প্রকাশ নয়, কিংস লিগের সাতজনের দল নিয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন নেইমার। সেখানে সান্তোসের বর্তমান সতীর্থদের নিয়ে একটি স্বপ্নের দল সাজিয়েছেন তিনি।
নেইমার বলেন, ‘ভাবছি, কিংস লিগে আমার সান্তোস সতীর্থদের খেলতে দেখলে সমর্থকরা খুশি হবে কি না। আমাদের দল হবে আমি, কুতিনহো, গাবি, আর্থার, সেবোলিনিয়া, আমাদের দুর্দান্ত রোদিনেই এবং গোলপোস্টে ব্রাজাও।’
বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ মূলত সাতজনের ফুটবল প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে বিভিন্ন ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ইন্টারনেট ব্যক্তিত্ব ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ আমেরিকাতেও প্রতিযোগিতাটি জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে কিংস লিগে ২০৩০ সালে খেলার পরিকল্পনার কথা জানালেও ১১ জনের ফুটবলে নেইমারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে ক্লাবটি।
