কিয়েভের সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান মেয়রের

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এর ফলে বিকট বিস্ফোরণে শহরটি কেঁপে ওঠে। শনিবার এ অবস্থায় আরও হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে বিমানবাহিনী। এর মধ্যে সবচেয়ে হুমকির মুখে রয়েছে কিয়েভ।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে বলেছেন, ‘রাজধানীতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে থাকতে হবে।’

ইউক্রেনের বিমানবাহিনীও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একাধিক অঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে, যার মধ্যে রাজধানী কিয়েভও রয়েছে।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও সক্রিয় করার তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভে থাকা সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানান, তারা একাধিক বিকট শব্দের বিস্ফোরণ শুনেছেন। কিছু বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তীব্র আলোর ঝলকও দেখা গেছে। যার প্রভাবে আকাশও কমলা রঙে আলোকিত হয়ে ওঠে।

এদিকে আগামীকাল রবিবার ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সংঘাত অবসানের একটি প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

এর আগে শুক্রবার রাশিয়া অভিযোগ করেছে, জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা করছেন।

সূত্র: আরব নিউজ, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights