কিশোরীর পেট থেকে ১৫ কেজির টিউমার অপসারণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ফাতেমা বেগম নামে ১৪ বছরের এক কিশোরীর অপারেশন করে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। গত রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করেন চিকিৎসকরা।

ফাতেমা বেগম জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, ফাতেমা বেগম অনেক দিন ধরে পেটে টিউমার নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসক ফাতেমা বেগমকে ঢাকায় গিয়ে অপারেশন করাতে পরামর্শ দেন। কিন্তু ফাতেমার পরিবার গরিব হওয়ায় ঢাকা যেতে রাজি হয়নি। পরে ফাতেমা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত, ডা. জাকিয়া সুলতানা রুনা, সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেন। গাইনী কনসালটেন্ট শরিফ মাসুমা ইসমত বলেন, ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময় মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সাথে টিউমারটি অপসারণ করা হয়েছে। সে এখন সুস্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights